পশ্চিমবঙ্গসহ সারা ভারতজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এতে মহা সমারোহে অংশ নিচ্ছেন মুসলিম সম্প্রদায়। কলকাতায় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে সোমবার সকাল ৯টায়। লাখো মুসল্লি এই জামাতে অংশ নিয়েছেন।
এ ছাড়া জাকারিয়া স্ট্রিট, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, খিদিরপুরসহ বিভিন্ন এলাকার মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। জামাতে নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করেছেন, কুশল বিনিময় করেছেন মুসল্লিরা।
পশ্চিমবঙ্গের পাশাপাশি ঈদ উদযাপিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ জম্মু-কাশ্মীর, রাজস্থান, মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরাসহ প্রতিটি রাজ্যে। দিল্লির জামা মসজিদ, ফতেহপুর মসজিদে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন।
অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঈদ উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যসহ রাজধানী দিল্লিতে।
ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জেএ





