পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, যদি রাশিয়ার দিকে পারমাণবিক অস্ত্র ছোড়া হয় তাহলে পৃথিবীর বিনাশ হবে। রাশিয়ার ছোড়া পারমাণবিক অস্ত্রের আঘাতে মুছে যাবে সব কিছু। রাশিয়া যদি টিকে না থাকে তাহলে তেমন পৃথিবী আমাদের প্রয়োজন নেই।টেলিভিশনের এক প্রামাণ্যচিত্রে তিনি এ হুমকি দেন।
পুতিন পরিষ্কার করে বলেন, যদি পারমাণবিক অস্ত্রের আঘাত লাগে রাশিয়ার বুকে, যদি রাশিয়াকে মুছে দেয়ার চেষ্টা করা হয়, সেদিন পৃথিবী টিকে থাকার কোনো অর্থই থাকবে না। প্রামাণ্যচিত্রে তিনি বলেন, আমি যা বলছি এটা আপনাদের জন্য এবং সারা বিশ্বের জন্য। পুতিন বলেন, আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আমি মনে করি তা কখনো ব্যবহারের প্রয়োজন হবে না। তথাকথিত প্রতিশোধ বা পাল্টা হামলায় এগুলো ব্যবহারের তাত্ত্বিক পরিকল্পনা রয়েছে আমাদের। যদি আমাদের ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থায় শুধু কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা রেকর্ড হয় তাহলেই শুধু নয়, একই সঙ্গে যদি ক্ষেপণাস্ত্রের উড়ে যাওয়া প্রকৃত পূর্বাভাস দেয়, কোনো যুদ্ধাস্ত্র রাশিয়ার মাটিতে পড়ে তাহলেই আমাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে।
তিনি বলেন, একে বলা হয় প্রতিশোধ বা পাল্টা হামলা। যখনই আমরা আইনগত সাড়া পাবো তখনই এ প্রতিশোধ নেয়া হবে। তিনি বলেন, হ্যাঁ, এটা হবে বিশ্বজুড়ে মানবজাতির জন্য এক ভয়াবহ বিপর্যয়। এটা হবে বিশ্বের জন্য এক ভয়াবহ বিনাশ। রাশিয়ার একজন নাগরিক হয়ে, রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি জানতে চাই রাশিয়ার অস্তিত্ব ছাড়া কোনো বিশ্ব টিকে থাকার প্রয়োজন আছে কি?





