নির্বাচনের ফল ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পরাজিত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে চারজনকে আগের পদ মর্যাদাতেই নিয়োগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী হওয়ার তিন দিনের মাথাতেই তিনি কথা রেখেছেন। এই চারজন পরাজিত মন্ত্রী হলেন মণীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী এবং উপেন বিশ্বাস।

গতকাল সোমবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়নে মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে। এ ছাড়াও রাজ্যের বিদ্যুৎ সংস্থাগুলোকে নিয়ে একটি সমন্বয় কমিটি তৈরি করা হবে। এর চেয়ারম্যানও হবেন তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণের সাবেক প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিসেস করপোরেশনের চেয়ারপারসন করা হয়েছে। সাবেক পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তীকে ম্যাকিনটস বার্ন, ওয়েস্ট বেঙ্গল স্যাক্সি ফার্মা এবং ব্রিটানিয়া-এই তিন সংস্থার চেয়ারম্যান করা হয়েছে। পশ্চিমবঙ্গ তফশিলি জাতি উপজাতি ও পশ্চিমবঙ্গ অনগ্রসর উন্নয়ন এবং অর্থ নিগমের চেয়ারম্যান করা হয়েছে সাবেক এই দপ্তরের মন্ত্রী উপেন বিশ্বাসকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই চারজন যেহেতু মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন, তাই নতুন পদেও তাঁরা মন্ত্রী-প্রতিমন্ত্রীর সমতুল্য বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এমআর