দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এফএনবি স্টেডিয়ামে শনিবার এক ফুটবল ম্যাচ চলাকালীন পদদলিত হয়ে ২ সমর্থকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন।

শনিবার জোহানেসবার্গের ফুটবল ক্লাব কাইজার চীফস এবং ওরল্যান্ডো পাইরেটস এর মধ্যে খেলা চলাকালীন স্টেডিয়ামে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।

জোহানেসবার্গের মেয়র অফিসের মুখপাত্র লুয়ান্ডা মফকা ২ ফুটবল সমর্থকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে, কী কারণে স্টেডিয়ামে একটি গেটের সামনে পদদলিত হওয়ার মতো ঘটনা ঘটল, তা তিনি জানাতে পারেননি।

এরকম একটি ঘটনার পরও কর্তৃপক্ষ প্রি-সিজনের কাপের খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেন।

পাবলিক নিরাপত্তা কর্মকর্তা মাইকেল সান একটি টুইট বার্তায় জানান, ‘ভিড় নিয়ন্ত্রণ করার জন্যে স্টেডিয়ামের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছিল, তবুও এই পদদলিত হওয়ার ঘটনা ঘটেছে।‘

এদিন অরল্যান্ডো পাইরেটসকে ১-০ হারায় কাইজার চিফ। ম্যাচের লাইভ কভারেজে ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে কোনও গন্ডগোলোর ছবিও ধরা পড়েনি। তাই কী কারণে এমন অনভিপ্রেত ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

২০০১ সালে এলিস পার্কে এমন একটি ফুটবল লিগের ম্যাচে ৬৩ সমর্থক প্রাণ হারিয়েছিলেন। সূত্রঃ বিবিসি
জেড