ফ্রান্সের রাজধানী প্যারিসে ‘শার্লি এবদু’ নামের একটি বিদ্রুপ ম্যাগাজিনের অফিসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এতে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

বুধবার এই হামলা হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুক্ষণ ধরে অফিসের ভেতরে গুলির শব্দ শোনা যায়। হামলাকারীরা রাইফেল নিয়ে সেখানে হামলা চালায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, দুজন মুখোশধারী কালাশনিকোভ রাইফেল হাতে পত্রিকাটির ভবনে প্রবেশ করে। এর কয়েক মিনিট পর তাঁরা সেখানে গুলির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর সেই দুজনকে তিনি বেরিয়ে যেতে দেখেছেন বলে জানান।

এ ঘটনাকে ‘হত্যাযজ্ঞ’ হিসেবে উল্লেখ করেছেন ফ্রান্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

সাপ্তাহিক এই ম্যাগাজিনটি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন বা কার্টুন প্রকাশ করে ইতিপূর্বেই বিতর্কিত হয়ে উঠেছিল।

পত্রিকাটি সম্প্রতি এক টুইট বার্তায় ইসলামিক স্টেট (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদীর বিদ্রুপাত্মক কার্টুন প্রকাশ করে।

এর আগে ২০১১ সালের নভেম্বরে মহানবী হজরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করার পর দিন ওই পত্রিকার অফিসে বোমা হামলার ঘটনা ঘটে।

কেএইচ

https://www.youtube.com/watch?v=e0ogQ0gIJLc