মেক্সিকোতে সেনাবাহিনীর আক্রমণে অন্তত ২২ জন নিহত হয়েছে। সোমবার এ একটি গুদামে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। মঙ্গলবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাতাইয়া শহরে সেনারা টহল দেয়ার সময় এ ঘটনা ঘটে। গুদাম ঘরটির পাশ দিয়ে যাওয়ার সময় সেনাদের টহল গাড়িতে গুলিবর্ষণ করে একদল যুবক। এ সময় সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে তাদের হত্যা করে।
নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে। ওই নারী মারা যাবার আগে সেনাদের জানান যে, তাকে অপহরণ করা হয়েছিল। এ সময় একজন সেনাও গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থল থেকে ২২টি স্বয়ংক্রিয় রাইফেল, দুটি শটগান, ১৩টি হাতবোমা, একটি হ্যান্ড গ্রেনেডসহ কয়েক ডজন অস্ত্র উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, মারিজুয়ানা চোরাচালানের জন্য তাতাইয়া শহরটি খুব আলোচিত। দেশটিতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় প্রতিবছর বহু মানুষ নিহত হয়ে থাকে। এদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ ছাড়াও মাদক চোরাচালানকারী বিভিন্ন গ্রুপের মধ্যেও সংঘাত হয়। সূত্র: আলজাজিরা
ঢাকা, ০১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





