জাপানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে শনিবার মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। উদ্ধার কর্মীরা বাড়িঘরের ধ্বংসস্তুপের মধ্যে আটকা পড়া জীবিতদের সন্ধানে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার স্থানীয় পুলিশ জানায়, হিরোশিমায় প্রবল বর্ষণে বুধবার ভোরে ভূমিধস হয়েছে। নগরীটিতে ভূমিধসের পর অন্তত ৪৩ লোক এখনো নিখোঁজ রয়েছে। ভূমিধসে সেখানে বেশ কয়েকটি বাড়িঘর মাটি চাপা পড়েছে।

শনিবার ভোরে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলেও আবহাওয়া পূর্বাভাসে সন্ধ্যায় আবারো ভারী বর্ষণের আশঙ্কা করা হয়েছে। এই খবরে উদ্ধার তৎপরতায় নিয়োজিত প্রায় তিন হাজার উদ্ধারকর্মী, সেনা ও পুলিশ কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

নতুন করে ভূমিধসের আশঙ্কায় নগর সরকার ৪ হাজার ৫০০ জনের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়ার নিদের্শ দিয়েছে। খবর এএফপি’র।

হিরোশিমা পুলিশের এক মুখপাত্র জানান, জরুরি কর্মকর্তারা শনিবার আরো দুটি মৃতদেহ উদ্ধার করেছে। এই নিয়ে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪২ জনের দাঁড়িয়েছে।

আরো অনেকে নিখোঁজ থাকতে পারে বলে স্থানীয় কর্মকর্তাদের আশঙ্কা। দমকল কর্মী ও সৈন্যরা যেখানে সম্ভব হাত দিয়েই ধ্বংসস্তুপ অপসারণ করছে। ধ্বংসস্তুপের ভেতর আটকা পড়াদের জীবিত উদ্ধারের আশায় সতকর্তা হিসেবে ভারী যন্ত্র ব্যবহার করা হচ্ছে না।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই