তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে ফাল্লুজা শহরের প্রধান সরকারি ভবন পুনরুদ্ধার করেছে ইরাকি সেনাবাহিনী।
শীর্ষ পর্যায়ের একজন কমান্ডারের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে।
লেফটেনেন্ট জেনারেল আবদুল ওয়াহাব আল-সাদি বিবিসিকে বলেন, সন্ত্রাসবিরোধী অভিজাত বাহিনী ও র্যাপিড রেসপন্স বাহিনী যৌথ অভিযান চালিয়ে শহরটির কাউন্সিল ভবন ‘মুক্ত’ করেছে।
এরআগে তারা জানিয়েছিল, শহরটির পূর্বাঞ্চলের ইন্ডাস্ট্রিয়াল জেলা পুনরুদ্ধার করা হয়েছে।
বাগদাদের ৩০ মাইল পূর্বে অবস্থিত ফাল্লুজা ইরাক ও সিরিয়ার অন্য যেকোনো শহর থেকে বেশি সময় ধরে আইএসের দখলে ছিল।
২০১৪ সালের জানুয়ারিতে এই ফাল্লুজা দখল করার ছয়মাসের মধ্যে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে তথাকথিত ‘ইসলামিক খেলাফত’ এর ঘোষণা দিয়েছিল আইএস।
এরআগে গেল মাসের শেষদিকে ফাল্লুজা পুনুরুদ্ধারে ইরাকি সরকার সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে।
অভিজাত সন্ত্রাস-বিরোধী ইউনিটসহ রাষ্ট্রীয় বাহিনীগুলোর অগ্রগতি ঠেকাতে আত্মঘাতী ও গাড়িবোমা হামলা চালিয়ে আইএসের জঙ্গিরা প্রতিরোধ গড়ার চেষ্টা করে।
আইএসের অবস্থানে বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীর এ অভিযানে সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী।
এই শহরটি ছাড়া ইরাকের প্রধান শহরগুলোর মধ্যে মসুল এখনও আইএসের দখলে আছে।
এফএফ





