অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলসে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ শিশু দগ্ধ হয়ে নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৩টার দিকে সিডনি থেকে ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিংলেটনের একটি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ অগ্নিকাণ্ড নির্বাপণে দমকলকর্মীদের খবর দেয়া হয়। খবর বিবিসির।
বাড়িটির ভেতর থেকে ১১ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচ বছর বয়সী দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রতিবেশীরা বাড়িটি থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করতে পেরেছে। ওই নারীর শরীরের কিছু অংশ পুড়ে গেছে।
বাড়িটিতে ছয়জন বাস করতেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন। কর্তৃপক্ষ বলছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপার চাদ গিলিস জানিয়েছেন, দমকল কর্মীরা এসে প্রতিবেশীদের ওই বাড়ির আগুন নেভানোর চেষ্টা করতে দেখেন।
এক প্রত্যক্ষদর্শী বলেছেন, চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ঘটনাটি ভয়ানক ছিল, অত্যন্ত ভয়ঙ্কর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কীভাবে আগুন লেগেছে তা বের করতে তদন্ত শুরু করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
সিঙ্গেলটনের অবস্থান হান্টার ভ্যালিতে। জনপ্রিয় এই পর্যটন অঞ্চলটি ওয়াইন উৎপাদনের জন্য পরিচিত।
এএস





