আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রিস বলেছেন, আগামী বছরে ইসরাইলের আয়রন ডোম মিসাইল খাতে অর্থ বরাদ্দ দ্বিগুন করবে ওবামা প্রশাসন।
সোমবার ওয়াশিংটনে ইসরাইলের জন্য জাতীয় নেতৃত্ব শীর্ষক সম্মেলনে (National Leadership Assembly for Israel) বক্তৃতাকালে রিস এ তথ্য জানান, খবর প্রেসটিভি।
তিনি বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গড়ে ১০০'র বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরাইলকে লক্ষ্য করে। আর এক্ষেত্রে জীবন-মৃত্যুর মাঝখানে দেয়ালের মতো কাজ করেছে আয়রন ডোম।
রিস তার বক্তৃতাকালে ইসরাইলি আয়রন ডোম প্রযুক্তিতে বরাদ্দ দ্বিগুন করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আন্তরিক প্রচেষ্টার জন্য তাকে ধন্যবাদ জানান।
উপদেষ্টা সুসান রিস বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন ডিফেন্স বিভাগকে এই মর্মে নির্দেশ দিয়েছেন, সংশ্লিষ্ট বিভাগ যেন মার্কিন কংগ্রেসকে অবহিত করে যে, ইসরাইলি আয়রন ডোম খাতে অতিরিক্ত ২২৫ মিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হবে।
তিনি বলেন, ইসরাইলি আয়রন ডোম তৈরির উপকরণ মজুদ ও অন্যান্য আনুসঙ্গিক কাজে এই অর্থ ব্যয় করা হবে।
উল্লেখ্য, গত ৮ জুলাই গাজায় ইসরাইলি তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৬৫০০ বেসামরিক নাগরিক। বিমান হামলার পাশাপাশি ১৭ জুলাই থেকে সর্বাত্মক স্থল হামলা ও নৌ হামলা শুরু করে দখলদার ইসরাইলিরা।
ইসরাইলের এই তাণ্ডবের জবাবে ইসরাইলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে রকেট ছুড়ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আর এই রকেট ধ্বংস করতেই ইসরাইল ব্যবহার করছে আয়রন ডোম মিসাইল। ইসরাইলের এই আয়রন ডোম তৈরিতে খরচের একটি বড় অংশের যোগান দিয়ে আসছে আমেরিকা।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেবি





