পাকিস্তানের উপজাতি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান(টিটিপি)’র এক প্রবীণ কমান্ডার নিহত হয়েছেন।
টিটিপি’র মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ শনিবার এ খবর দিয়েছেন। তিনি জানান, দু’দিন আগে বয়া এলাকায় টিটিপি কমান্ডার হাসান নিহত হয়েছেন। টিটিপি’র মেহসুদ গোষ্ঠী এবং স্থানীয় তালেবান এ হামলায় এক যোগে সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ছাড়া, তারা কিছু স্থান দখল করে নিয়েছে ও অস্ত্রসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে বলে এ দাবি করেন এ মুখপাত্র।
টিটিপি’র সঙ্গে আলোচনা ভেঙ্গে যাওয়ার পরিপ্রেক্ষিতে জুলাইয়ের ১৫ তারিখ থেকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তানে দীর্ঘ প্রতীক্ষিত সেনা অভিযান শুরু করেছে।
জঙ্গি বিমান এবং গানশীপ এ অভিযানে সহায়তা করছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী । এ ছাড়া, সেনা অভিযানে এ পর্যন্ত এক হাজারের বেশি জঙ্গি নিহত হওয়ার কথাও জানিয়েছে পাক বাহিনী।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





