চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে পবিত্র রমজানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জোর করে খাবার খাওয়ানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চীনের সংশ্লিষ্ট অঞ্চলের তিনজন মুসলমান শিক্ষার্থী নাম প্রকাশ না করে বিবিসির সঙ্গে স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কথা বলেছেন।
ওই শিক্ষার্থীদের অভিযোগ, তাঁরা যে রোজা রাখেননি, তা নিশ্চিত করতে শিক্ষকদের সঙ্গে খাবার খেতে বাধ্য করা হয়েছে। আর খাবার খেতে অস্বীকৃতি জানানোর ক্ষেত্রে শাস্তির ঝুঁকি রয়েছে।
সরকারি নিপীড়নের আশঙ্কায় ওই শিক্ষার্থীরা তাঁদের নাম প্রকাশ করতে চাননি। তাঁদের মধ্যে একজন বিবিসিকে বলেন, ‘আপনি যদি এখানে স্বাভাবিক জীবন চান, তাহলে রোজা না রাখাটাই উত্তম।’
ওই অঞ্চলটিতে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের বাস। তাঁদের অধিকাংশই মুসলিম।
চীনের কমিউনিস্ট সরকার কোনো ধর্মবিশ্বাসকেই সরকারিভাবে স্বীকৃতি দেয় না। শিনজিয়াং অঞ্চলে কয়েক বছর ধরে মুসলমানদের রোজা রাখার ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
চীনা কমিউনিস্ট পার্টি ও শিনজিয়াংয়ের স্থানীয় সরকার বিচ্ছিন্নতাবাদের আশঙ্কায় বড় প্রার্থনা সভা ও সমাবেশকে নিরুত্সাহ করে আসছে।
শিনজিয়াংয়ের ওই শিক্ষার্থীর অভিযোগ, অঞ্চলটির সব বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সরকারের বিভিন্ন দপ্তরও এই নিষেধাজ্ঞা বলবত্ করেছে। কর্তৃপক্ষের আদেশ অমান্য করলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সনদ দেওয়া থেকে বঞ্চিত করা হয়।
সম্প্রতি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, শিনজিয়াংয়ে ইসলাম ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শিক্ষকদের রোজা পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে ওই নিষেধাজ্ঞা-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। পবিত্র রমজান নিয়ে সরকারি ওই বিধিনিষেধ আরোপের নিন্দা জানিয়েছে নির্বাসিত ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস।
শিনজিয়াংয়ের তুরফান শহরের বাণিজ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া নির্দেশে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা রোজা রাখা এবং অন্যান্য ধর্মীয় কর্মকাণ্ড পালন করতে পারবেন না।
রাষ্ট্র পরিচালিত বোঝাউ রেডিও এবং টিভি ইউনিভার্সিটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘আমরা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি যে তাঁদের রোজা পালনের অনুমতি দেওয়া হয়নি।’
এতে বলা হয়, ‘রোজার কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়ে দলীয় সদস্য, শিক্ষক ও তরুণদের ওপর আমরা নিষেধাজ্ঞা বলবৎ করব।’
পশ্চিম শিনজিয়াংয়ের কারাকাশ কাউন্টির একটি আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে বলেছে, উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বর্তমান ও অবসরপ্রাপ্ত সব কর্মীকে রোজা না রাখতে বলা হচ্ছে।
এর আগে শিনজিয়াংয়ের স্থানীয় সরকার তাদের কর্মীদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে রোজা না রাখতে বলে।
গত কয়েক দিন এভাবেই সরকারের বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করা নোটিশে রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ঢাকা, ১২ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





