পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র বিদেশি সেনা মোতায়েন ও ঘাঁটি নির্মাণের মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দুই দেশের প্রধানমন্ত্রীই বলেছেন, তাদের দেশে বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছেন, “আমরা ন্যাটোর সদস্য দেশ হিসেবে দায়িত্ব পালন  করতে প্রস্তুত আছি,তবে আমাদের ভূখণ্ডে বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দেয়ার প্রশ্নই আসে না।” তিনি আরও বলেন, “ আমাদের দেশে কিছু ঘাঁটি বানিয়ে সেখানে বিদেশি সেনা মোতায়েন করা হবে, সে কথা আমি ভাবতেই পারি না।”   এর আগে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বহস্লাভ সবুতকা বলেছেন, তার দেশে বিদেশি সেনার কোনো প্রয়োজন নেই। ১৯৬৮ সালে দেশটিতে যে আগ্রাসন চালানো হয়েছিল, সে কারণেই মূলত ন্যাটো সেনা মোতায়েন করতে দেয়া হবে না বলে চেক প্রজাতন্ত্রের প্রতিরক্ষামন্ত্রী মার্টিন স্ট্রোপিন্সকি জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা পূর্ব ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি জোরদারের আহ্বান জানানোর পর এসব মন্তব্য করেন স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা। এরইমধ্যে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের টানাপড়েন বেড়ে যাওয়ার পর নিরাপত্তা জোরদারের কথা বলে পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করে চলেছে আমেরিকা। সূত্র: আইআরআইবি। [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।[/b]