মিশরের সাবেক গোয়েন্দা মন্ত্রী সারওয়াত বলেছেন, মুরসি যখন ক্ষমতায় ছিলেন তখন আমি তাকে কোনো সঠিক তথ্য দেইনি।

মিশরের আল-ওয়াতান পত্রিকার কাছে তিনি এ কথা বলেন। সাবেক এই মন্ত্রী বলেন, মুরসির সামনে মন্ত্রী হিসেবে আমি যে শপথ নিয়েছিলাম, সে শপথের প্রতি নিজে অনুগত ছিলাম না।

সাবেক গোয়েন্দা মন্ত্রী সারওয়াতের ভাষায়, মুহাম্মদ মুরসি ছিলেন 'একজন বিশ্বাসঘাতক'। তিনি আরো বলেন, আমি শপথ নেওয়ার পর গোয়েন্দা বিভাগের সহকারী সচিব রাফা সাহাদা আমাকে বললেন, আপনি যে শপথ নিয়েছেন সেটি ভুলে যান।

মুহাম্মদ মুরসি হলেন মিশরের জনগণের ভোটে নির্বাচিত প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট। গত বছরের জুলাই মাসে সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে। মাত্র ১ বছরের মাথায় ২০১৪ সালে নিজে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে।

বর্তমানে মুহাম্মদ মুরসির দল ব্রাদারহুডকে নিষিদ্ধ করে নেতা-কর্মীদের উপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে আবদেল ফাত্তাহ আল সিসি'র সরকার।

সাবেক সেনাপ্রধান আল-সিসি'র উত্থানকে অনেকে সাবেক স্বৈরশাসক হুসনি মোবারকের শাসনামলের প্রত্যাবর্তন হিসেবে মনে করেন। ২০১১ সালে গণঅভ্যুত্থানে পতন হয়েছিল হুসনি মোবারকের। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন।

ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই