স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ধারা বাতিলের পর মুখ খুললেন ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, অসাংবিধানিক পথে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছে কেন্দ্রীয় সরকার।

উত্তরপ্রদেশের সোনভদ্রে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা বলেন, “ভারতের কাশ্মীরে যখন ৩৭০ অনুচ্ছেদ বহাল করা হয়েছিল, তখন বেশ কিছু নিয়মও তৈরি হয়েছিল। সে নিয়মগুলো না মেনেই কেন্দ্রের মোদি সরকার তা খারিজ করার কথা ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “কারো কোনো মতামতই নেয়নি বিজেপি সরকার। কিন্ত কংগ্রেস সবার মতামতের সমান গুরুত্ব দিয়ে এসেছে সবসময়। সবার মতামত নিয়েই আলোচনা করেছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হলেও তাদের ঐক্যবদ্ধ বিরোধীতার অভাবে ভারতের লোকসভা ও রাজ্যসভা-দুই কক্ষেই পাশ হয়ে যায় বিলটি। অনেক কংগ্রেস নেতাও সংসদের বাইরে মোদি সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বলে জানা যায়।

এরপর থেকেই ১৪৪ ধারা জারি করে ভারত সরকার। তবে ধারা বাতিলের একদিন পর থেকেই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অনেকেই নিহত হয়েছে। কিন্তু ভারত সবসময়ই বিক্ষোভের কথা অশিকার করে আসছে।

এমবি