সোমবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে দিল্লি বিমানবন্দরের কার্যক্রমও ব্যাহত হয়েছে। অবতরণে সমস্যা হওয়ায় ১৫টি বিমানকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। রানওয়েতে পানি জমে থাকায় ২৫০টির বেশি বিমান নির্ধারিত সময়ে দিল্লিতে অবতরণ করতে পারেনি। কয়েকটি ফ্লাইটের উড্ডয়নেও বিলম্ব হয়েছে।

ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সঙ্গম বিহারের কাছে এমবি রোডে পানি জমে যান চলাচল প্রায় থমকে গেছে।

বিমানবন্দরমুখী সড়ক ও সাকেত কোর্ট এলাকার বিভিন্ন সড়কেও যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও বিমানযাত্রীরা।

রোববার দিল্লিতে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও সোমবার ভোর থেকেই শুরু হয় টানা বৃষ্টি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ছতরপুর এলাকায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দিনভর দিল্লিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী গুরুগ্রাম ও ফরিদাবাদেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার

এস