ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষ্যে আমেরিকার ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস দু’দিনের কর্মসূচি পালন করেছে।
দুই দিনের কর্মসূচি শুরু হয় ২১শে ফেব্রুয়ারি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্যদিয়ে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।
প্রথম দিনের কর্মসূচির মধ্যে আরও ছিল ভাষা শহীদদের স্মরণে আলোচনা এবং দোয়া মাহফিল। ভাষার জন্য যারা ১৯৫২ সালে জীবন দিয়েছিলেন তাদের আত্মার শান্তি এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া মুনাজাত করা হয়।
পরদিন ২২ ফেব্রুয়ারি দূতাবাসের বঙ্গবন্ধু অডিটরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। ভাষা শহীদদের স্মরনে দাঁড়িয়ে একমিনিট নিরবতাও পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন দেশের উন্নয়নের স্বার্থে দেশ ও দেশের বাইরে অবস্থানকারী সব বাংলাদেশীকে একসাথে কাজ করার আহবান জানান। বিদেশে অবস্থানকারী বাংলাদেশীদের নিজ ভাষা চর্চায় আরও মনযোগী হবারও পরামর্শ দেন তিনি।
আলোচনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন বার্টন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
কেবি





