চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের জেলা পরিষদ নির্বাচনে ভূমিধস জয় পেতে যাচ্ছে সেখানকার গণতন্ত্রপন্থীরা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনের পর প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ১৮টি কাউন্সিলের মধ্যে ১৭টিতেই জয় পেতে যাচ্ছে গণতন্ত্রপন্থী কাউন্সিলররা। খবর বিবিসির।

প্রাথমিক ফলাফলে চীনপন্থি প্রার্থীরা গণতন্ত্রপন্থিদের কাছে বড় ধরনের হোঁচট খেয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কয়েক মাসের বিশৃঙ্খলার কারণে রোববারের এই ভোটগ্রহণ বাধাগ্রস্ত কিংবা বাতিল হয়ে যাওয়ার শঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বিবিসি বলছে, গত কয়েক মাসের বিশৃঙ্খলা, প্রতিবাদ-বিক্ষোভ ও সংঘর্ষের পর এই নির্বাচনকে সরকারের সমর্থনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। সরকার এবং বেইজিং আশা করেছিল, এই নির্বাচন তথাকথিত নীরব সংখ্যাগরিষ্ঠতার সমর্থন তুলে ধরবে। কিন্তু বাস্তবে আসলে তেমনটা ঘটেনি।

নির্বাচনে হেরে যাওয়া বিতর্কিত একজন বেইজিংপন্থী আইনপ্রণেতা জুনিয়াস হো বলেছেন, ‘স্বর্গ ও পৃথিবী উল্টো হয়ে গেছে।’

হংকংয়ের জেলা পরিষদের কাউন্সিলরদের খুব একটা রাজনৈতিক ক্ষমতা নেই। তারা স্থানীয় বিভিন্ন ইস্যু যেমন বাস ও ময়লা সংগ্রহের মতো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকে। তাই জেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণত খুব একটা আগ্রহ দেখা যায় না।

তবে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে ব্যালটে জবাব দেয়ার এটা প্রথম সুযোগ ছিল গণতন্ত্রপন্থীদের। আর সেটিকে দারুণভাবে লুফে নিয়েছে।

এমএম