ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ পুরষ্কার পাচ্ছেন বিজেপি নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। দেশটির সরকারের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।
বাজপেয়ীর পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা মদনমোহন মালাবিয়াকেও এ খেতাব দেওয়া হচ্ছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জির কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নামগুলোর প্রস্তাব পাঠান।
প্রেসিডেন্টর অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পণ্ডিত মদনমোহন মালাবিয়া (মরণোত্তর) ও শ্রী অটলবিহারী বাজপেয়ীকে ভারতরত্ন খেতাব দেওয়ার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রেসিডেন্ট।’
বিজেপির উচ্চ পর্যায়ের নেতা বাজপেয়ীই প্রথম রাজনীতিক হিসেবে এ খেতাবটি পেতে যাচ্ছেন।
বিজেপি নেতা অরুণ জেটলি, সুষমা স্বরাজ, নীতিন গাদকারী, রাজনাথ সিং ও অমিত শাহের সঙ্গে বৈঠক করে বাজপেয়ীকে খেতাবটি দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন মোদি।
তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বাজপেয়ী। ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ৯০তম জন্মদিন পালন করবেন তিনি।
এ পর্যন্ত ৪৩ জনকে ভারতরত্ন খেতাব দেওয়া হয়েছে। এর মধ্যে ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও সঙ্গীতশিল্পী লতা মুঙ্গেশকর রয়েছেন।
ইআর





