সৌদি নেতৃত্বাথীন ইসলামিক সামরিক জোটের  প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) রাহীল শরিফ। ৩৯টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত এই ইসলামিক সামরিক জোট।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত বছরের ডিসেম্বরে সৌদি আরব সন্ত্রাস দমনে  ইসলামিক সামরিক জোট গঠনের ঘোষণা দেয়। এ জোট সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কাজ করবে।

জিও টিভি'র টকশো-তে খাজা আসিফ জানান, কিছুদিন আগে রাহীল শরিফকে নিয়োগ দেয়ার বিষয়ে একটি চুক্তি হয়। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।

রিয়াদ কিংবা ইসলামাবাদ এককভাবে এ সিদ্ধান্ত নিয়েছিল কি না- এমন এক প্রশ্নে তিনি বলেন, 'না, অবশ্যই এই নিয়োগে পাকিস্তান সরকারের অংশগ্রহণ ছিল।'

প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যথাযথ অনুমোদনের প্রয়োজন হয় এবং চুক্তি সম্পন্ন হওয়ার আগে সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সূত্র ডন

নাজিব