আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতারকৃত ভারতের পশ্চিমবঙ্গের রিষড়ার বিজেপি নেতা ভাস্কর শীলকে থানায় নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকালে বিজেপির স্থানীয় মণ্ডলের সহসভাপতি ভাস্করকে গ্রেফতার করা হয়। খবর আনন্দবাজারের।

পুলিশের দাবি, লক্ষ্মীপল্লিতে বিজেপির দলীয় কার্যালয়ের পেছনে জড়ো করে রাখা কাঠের ভেতর থেকে তার লুকিয়ে রাখা একটি সেভেন এমএম পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়।

শুক্রবার তাকে শ্রীরামপুর আদালতে এসিজেএম অমরকিশোর মাহাতোর এজলাসে তোলা হয়। পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে।

শুনানি শেষে বিচারক তাকে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো এবং শ্রীরামপুর জেলের সুপার এবং ওয়ালশ হাসপাতালের সুপারিন্টেন্ডেন্টকে তার চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন।

জানা গেছে, এদিন আদালত চত্বরে ভাস্কর অসুস্থ হয়ে পড়েন। এসময় বিচারককে তার আইনজীবী জানান, মক্কেল তাকে জানিয়েছেন, পুলিশ হেফাজতে তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। এর পরই বিচারক ওই নির্দেশ দেন।

তবে পুলিশ বিজেপি নেতা ভাস্করকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে।

এমএম