থাইল্যান্ডের একজন শীর্ষ জেনারেল বলেছেন, গত মাসের সামরিক অভ্যুত্থানটি পূর্ব পরিকল্পিত ছিল না।
সম্প্রতি থাইল্যান্ডের একজন বিরোধদলীয় নেতা দাবি করেছেন, সামরিক অভ্যুত্থানটি ছিল পরিকল্পিত। বিরোধী নেতার এই দাবির পরই নতুন মন্তব্য করলেন থাই জেনারেল।
ল্যাফটেনেন্ট জেনারেল চ্যাটচালার্ম বলেছেন, অভ্যুত্থানের পর যাদের আটক করা হয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা এবং তার পরিবারের থাই রাজনীতিতে ফিরে আসার সুযোগ রয়েছে।
কয়েক মাস রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা চলার পর গত ২২ মে ক্ষমতা দখল করে থাই সেনাবাহিনী। রাজনৈতিক সংস্কারের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেনাবাহিনী।
আর্মি কমান্ডার জেনারেল প্রাউথ চেন-ওচা'র নেতৃত্বে অভ্যুত্থান হয়েছিল। অভ্যুত্থানকারীরা বলেছেন, দেশ খুব বিপদজনক এবং প্রচণ্ড সংঘাতে পতিত হওয়ার আগ মুহূর্তে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে। সূত্র: বিবিসি।
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





