ভূমধ্যসাগরে ইতালির দক্ষিণ উপকূলে গত কয়েকদিনে তিনটি নৌযান ডুবে অন্তত সাতশ’ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর। খবর আলজাজিরার।

ইউএনএইচসিআর মুখপাত্র কারলোট্টা স্যামি বার্তা সংস্থা এপি-কে রোববার জানিয়েছেন, আদমপাচারকারীদের একটি নৌকা গত বুধবার ডুবে যাওয়ার পর থেকে প্রায় একশ’ মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া বৃহস্পতিবার সকালে আরো একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় সাড়ে পাঁচশ’ মানুষ।

অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছেন, দ্বিতীয় নৌকাটিতে প্রায় ৬৭০ জন মানুষ ছিলেন। ডুবে যাওয়ার আগ পর্যন্ত ইঞ্জিনবিহীন নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছিল আদমপাচারকারীদের আরেকটি নৌকা। এ ঘটনায় ২৫ জনের মতো বেঁচে গেছেন, আরো ৭৯ জনকে উদ্ধার করেছে টহলরত উদ্ধারকর্মীরা এবং ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আর শুক্রবার একটি ডুবে যাওয়া নৌকা থেকে আরো ৪৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্যামি।

পৃথক ঘটনায় বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইংলিশ চ্যানেলে একটি নৌকা থেকে ১৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

ওএফ