ভারতজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।
জানুয়ারির শেষ থেকে এখনও পর্যন্ত দেশে মোট ৩০ লক্ষ ৪৪ হাজার ৯৪০ জন নোভেল করোনা সংক্রমিত হয়েছেন।
আজ (২৩ আগস্ট) রোববার প্রকাশিত ভারতের কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান থেকে এমনই তথ্য জানানো হয়, আনন্দবাজার।
তবে এর মধ্যেও সুস্থতার হার আশা জাগাচ্ছে। মোট সংক্রমিতের মধ্যে ২২ লক্ষ ৮০ হাজার ৫৬৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে সুস্থতার হার ৭৪.৯০ শতাংশ।
দৈনিক সংক্রমণের ক্ষেত্রে শনিবারই সর্বোচ্চ বৃদ্ধি পরিলক্ষিত হয় দেশে। গত কাল দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন ৬৯ হাজার ৮৭৮ জন। গত ২৪ ঘণ্টায় তা সামান্য কমে হয়েছে ৬৯ হাজার ২৩৯। পর পর দু’দিন দৈনিক সংক্রমণ ৭০ হাজারের কাছাকাছি থাকায় উদ্বেগ দেখা গিয়েছে বিভিন্ন মহলে।
দৈনিক সংক্রমণের নিরিখে এই মুহূর্তে আমেরিকা ও ব্রাজিলের চেয়েও এগিয়ে ভারত। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ৪৫ হাজার ৮৭৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। ব্রাজিলে নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৩২ জন।
মোট সংক্রমণের নিরিখে এই মুহূর্তে গোটা বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। আমেরিকায় এখনও পর্যন্ত সব মিলিয়ে ৫৬ লক্ষ ৬৭ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ লক্ষ ৮২ হাজার ৩৬২। কিন্তু প্রতি দিন দেশে যে ভাবে সংক্রমণ বেড়ে চলেছে, তাতে খুব শীঘ্র ভারত দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত কালের তুলনায় এ দিন দেশে মৃত্যুসংখ্যা খানিকটা হলেও কমেছে। গত কাল যেখানে ৯৪৫ জন করোনা রোগী প্রাণ হারান, গত ২৪ ঘণ্টায় তা কমে দাঁড়িয়েছে ৯১২। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত ৫৬ হাজার ৭০৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫৭ হাজার ৯৮৯ জন করোনা রোগী। গতকাল যদিও ৬৩ হাজার ৬৩১ মানুষ সুস্থ হয়ে ওঠেন।
প্রতি দিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হয় এবং তাঁদের মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসে, তাকে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। অগস্টের শুরু থেকে যত সম্ভব বেশি মানুষের করোনা পরীক্ষার উপর জোর দেওয়া হয়।
গতকাল সর্বোচ্চ ১০ লক্ষ ২৩ হাজার ৮৩৬ জনের করোনা পরীক্ষা হয়েছিল। তার পরেও সংক্রমণের হার ৬.৮৩ শতাংশ ছিল। গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ১ হাজার ১৪৭ জনের করোনা পরীক্ষা হলেও সংক্রমণের হার বেড়ে ৮.৬৪ শতাংশ দাঁড়িয়েছে।
স্পেন, ফ্রান্স, ইটালি, ব্রিটেনের মতো দেশকে পিছনে ফেলে মৃত্যুর নিরিখে এই মুহূর্তে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৫৬ হাজার ৭০৬ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। তালিকায় শীর্ষে থাকা আমেরিকায় মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৩৪৮। দ্বিতীয় স্থানে থাকে ব্রাজিলে এখনও পর্যন্ত ১ লক্ষ ১৪ হাজার ২৫০ জন করোনা রোগিী প্রাণ হারিয়েছেন। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬০ হাজার ২৫৪ জন করোনা রোগী।
এমবি





