অস্ট্রেলিয়ার সিডনি শহরের কেন্দ্রস্থলে একটি ক্যাফের ভেতর অস্ত্রের মুখে কিছু মানুষকে জিম্মি করে আটকে রাখা বন্দুকধারীদের একজনের সাথে পুলিশ যোগাযোগ করতে পেরেছে।

ভবনের ভেতর থেকে অন্তত পাঁচজনকে দৌড়ে বের হতে দেখা গেছে। তবে এখনো কতজনকে জিম্মি করে আটক রাখা হয়েছে তা বোঝা যাচ্ছে না।

তবে কি দাবি বা উদ্দেশ্য নিয়ে ক্যাফের সবাইকে জিম্মি করা হয়েছে সে ব্যাপারে পুলিশের মুখপাত্র ক্যাথরিন বার্ন কোন মন্তব্য করতে রাজি হননি।

ভারি অস্ত্রে সজ্জিত কয়েক’শ পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। দেশটির টেলিভিশনে প্রচারিত এক ফুটেজে দেখা যায়, দেয়াল ঘেঁষে হাত উঁচু অবস্থায় ক্যাফেতে আসা কয়েকজন দাড়িয়ে আছে।

সিডনি শহরের ব্যবসায়িক প্রাণকেন্দ্রে অবস্থিত ঐ ক্যাফেটির ভেতরে আরবি অক্ষর লেখা একটি কালো পতাকাও দেখা যাচ্ছিল।

সাধারণ নাগরিকদের এখন ঐ এলাকার দিকে না যেতে আহ্বান জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। আশেপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে পুলিশ। এ ছাড়া, সিডনি অপেরা হাউজ থেকেও কর্মী ও দর্শনার্থীদের সরিয়ে নেয়া হয়েছে।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের একজন জানিয়েছেন কিছুক্ষণ আগে ঘটনাস্থল থেকে গুলির আওয়াজ পাওয়া গেছে। তবে, এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, এ ঘটনাকে অত্যন্ত উদ্বেগের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী টনি এ্যবট। এ্যবট বলেছেন, অস্ট্রেলিয়ার আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ ও প্রশিক্ষিত। তারা দ্রুতই ঘটনা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বলে তিনি বিশ্বাস করেন।

এমএ