ব্রিটিশ তরুণ ও শিশুদের উল্লেখযোগ্য একটি অংশ পুলিশের ওপর আস্থা রাখেন না। পুলিশের প্রতি রয়েছে তাদের অবিশ্বাস। শিশু বিষয়ক ব্রিটিশ পার্লামেন্টারি গ্রুপ 'ন্যাশনাল চিলড্রেন'স ব্যুরো' মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবর প্রেস টিভির।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলিশের প্রতি নেতিবাচক মনোভাবের ক্ষেত্রে বাদী ও বিবাদী উভয়ই রয়েছে। পুলিশ এবং শিশু-তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার অভাবও রয়েছে বলে জানানো হয়েছে। শিশু তরুণদেরকে পুলিশ সাধারণত অপ্রাপ্তবয়স্ক হিসেবে তাদের প্রয়োজনীয় বিষয়গুলোকে অবজ্ঞা করে।

প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে, এসব তরুণ ও শিশু মনে করে যে পুলিশ তাদেরকে রক্ষা করে না। বরং প্রায়ই পুলিশের কাছে তারা হাসির পাত্রে পরিণত হয়। পুলিশ কর্তৃপক্ষ তাদেরকে অবমূল্যায়ন করে থাকে।

এমনকি এসব শিশু ও তরুণ শৈশবের যে অভিজ্ঞতা লাভ করেন, তা তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক অবস্থায়ও থেকে যায়। এভাবে পুলিশের প্রতি তাদের অনাস্থা ও অবিশ্বাস বাড়তে বাড়তে এক পর্যায়ে হতাশা ও ক্রোধের জন্ম নেয়।

পার্লামেন্টারি গ্রুপের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, পাচ বছরের শিশুকে পর্যন্ত পুলিশ তল্লাশি করে থাকে। এ ছাড়া, ১২ বছরের কিশোরদেরকে আতশবাজি পুড়ানোর দায়ে অপমানজনকভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়।

পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান ডরিন এলিজাবেথ মেসি শিশু ও তরুণদের সঙ্গে পুলিশের এ ধরনের আচরণের পরিবর্তনের আহবান জানিয়েছেন। ১৮ বছরের নিচের শিশু-তরুণদেরকে শিশু হিসেবে মূল্যায়ন করার জন্যও পুলিশের প্রতি আহবান জানান ডরিন। সূত্র: প্রেস টিভি

এসএমএ