সিরিয়ায় সরকারি বাহিনীর যুদ্ধবিমানের হামলায় ৪৫ বেসামরিক লোক নিহত হয়েছে। দামেস্কোর উপকণ্ঠে ডুমা শহরের একটি মার্কেটে যুদ্ধবিমান থেকে হামলা চালালে এই নিহতের ঘটনা ঘটে।

সূত্রের বরাত দিয়ে আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

এদিকে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সরকারি বাহিনীর যুদ্ধবিমানের হামলায় ডুমায় ৪০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৪০ জনের মতো। এই এলাকায় কয়েক সপ্তাহ ধরে হামলা অব্যাহত রেখেছে সরকারি বাহিনী।

স্থানীয় এক মানবাধিকারকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে সরকারি বাহিনী তুমুল হামলা চালাচ্ছে ডুমায়। প্রতি ১০ মিনিটে আমরা হামলার শিকার হচ্ছি। রকেট হামলা ও বিমান হামলা চলছে। তারা স্থানীয় একটি মার্কেটে হামলা চালায়, যাতে ৪৫ জনের প্রাণহানি হয়েছে। আমরা আশঙ্কা করাছি, নিহতের সংখ্যা আরো বাড়বে। ডুমার প্রতি কোনায় হামলা চালানো হচ্ছে।

কেএইচ