ফেব্রুয়ারি মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনকে শুক্রবার অবৈধ ঘোষণা দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। আদালতের এই ঘোষণার পর নতুন আরেকটি নির্বাচনের আশা করা হ্চ্ছে। তবে নতুন নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেটা এখনো নিশ্চিত নয়। খবর,  বিবিসি, আলজাজিরা।
সাংবিধানিক আদালতের ঘোষণার পর বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে।
রাজধানী ব্যাংককসহ বড় শহরগুলোতে সরকার-বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ২ ফেব্রুয়ারি থাইল্যান্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু সরকার-বিরোধীরা ভোট বর্জনের পাশাপাশি অন্যদেরকেও ভোট প্রদানে বাঁধা দেয়।
সম্প্রতি একজন আইনের প্রভাষক সাংবিধানিক আদালতে একটি আবেদনের মাধ্যমে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে চ্যালেঞ্জ করেন। তিনি তার আবেদনে এই মর্মে যু্ক্তি দেখান যে, সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি অবস্থা একটি প্রতিবন্ধক। তিনি আরো উল্লেখ করেন, নির্বাচনী এলাকাগুলোতে একই দিনে ভোট গ্রহণ করা হয়নি এবং আগাম ঘোষণা ছাড়াই প্রার্থীদের নিবন্ধনের স্থান পরিবর্তন করা হয়েছিল।  
আইনের প্রভাষকের এই আবেদনের পর নির্বাচনকে অবৈধ ঘোষণা করে সাংবিধানিক আদালত।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]