ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করা নিয়ে চাপের মুখে পড়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি করায় অন্যদের সঙ্গে জোট সরকারের কোনো কোনো সদস্য তার ওপর চাপ সৃষ্টি করেছেন।

হামাসের সঙ্গে চুক্তির কারণে নেতানিয়াহুর নেতৃত্বের ওপর ইসরাইলের জোট সরকার ও গণমাধ্যম সবচেয়ে বেশি হতাশা প্রকাশ করেছে।

ইসরাইলের দৈনিক ইয়েদিওথ আহরোনথ-এ প্রকাশিত এক প্রবন্ধে কলামিস্ট নাহুম বারনিয়া বলেছেন, “ইসরাইল এমন একজন নেতা, এমন একজন রাষ্ট্রনায়ক চায় যিনি জানবেন তিনি কি অর্জন করতে চান। তিনি সিদ্ধান্ত নিতে পারবেন এবং তার জনগণের সঙ্গে সত্যিকার সংলাপ করতে পারবেন।”

সমালোচকরা বলছেন, যুদ্ধে ইসরাইল আর্থিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, তেল আবিবের সুস্পষ্ট বিজয় দাবি করা সম্ভব নয়। অনেকে বলছেন, যে যুদ্ধে কয়েক ডজন সেনা জীবন দিয়েছে সেই যুদ্ধ থেকে জনগণ আরো বেশি কিছু আশা করেছিল। কোনো কোনো সমালোচক এরইমধ্যে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন।

এদিকে, আশকেলন শহরের মেয়র চুক্তির বিষয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, কায়রোয় হামাসের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে তার সন্দেহ আছে; তিনি হামাসকে বিশ্বাস করেন না। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই