সিরিয়ায় আইএস গোষ্ঠীর ওপর সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যার দূরত্ব এক হাজার ৫০০ কিলোমিটার। স্থানীয় সময় বুধবার কাস্পিয়ান সাগরে অবস্থান নেয়া যুদ্ধজাহাজ থেকে আইএসের ১১টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানান, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্র এক হাজার ৫০০ কিলোমিটার আকাশপথ পাড়ি দিয়ে আইএসের ওপর আঘাত হানে।

এদিকে, সিরিয়ায় রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির বিষয়টি নিয়ে ব্রাসেলসে বৈঠকে বসতে যাচ্ছেন ন্যাটোভুক্ত প্রতিরক্ষামন্ত্রীরা।

ন্যাটোর সদস্য দেশ তুরস্ক কয়েক দিন ধরে অভিযোগ করে আসছে, রাশিয়া তার দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার অনুষ্ঠেয় বৈঠকে ন্যাটোর মন্ত্রীরা তুরস্কের সাথে সংহতি প্রকাশ করতে যাচ্ছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মিত্র রাশিয়া সপ্তাহখানেক আগে আইএসের ওপর হামলা শুরু করে। এরই মধ্যে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা আসাদের বিরোধী পক্ষের ওপর হামলা চালাচ্ছে, যারা সন্ত্রাসী নয়। তবে এ অভিযোগ নাকচ করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পশ্চিমা দেশগুলো সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ‘ফ্রি সিরিয়ান আর্মি’র সাথে যোগাযোগ করা হবে আইএস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, আইএসের বিরুদ্ধে লড়াইয়ে থাকা জোট বাহিনী রাশিয়াকে সহায়তা করবে না। তিনি বলেন, ‘আমরা মনে করি, রাশিয়ার কৌশল ভুল। তারা এমন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যেগুলো আইএসের নয়।’

 

ভিডিও এই লিংকে: http://www.theguardian.com/world/video/2015/oct/07/russia-launches-missiles-on-isis-from-caspian-sea-video?CMP=embed_video

 

 

ইআর