শরণার্থীদের সঙ্গে হাঙ্গেরির দাঙ্গা পুলিশের আচারণে 'হতভম্ব' হয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

সার্বিয়া সীমান্ত পার হয়ে হাঙ্গেরিতে প্রবেশের প্রচেষ্টাকারী শরণার্থীদের ওপর টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করেছেন হাঙ্গেরির পুলিশ।

হাঙ্গেরি শরণার্থীদেরকে ঠেকাতে দেশে জরুরী অবস্থা জারি করেছে এবং তাদের দেশ থেকে ১০ হাজার শরণার্থীদেরকে আটক করেছে। সেই সঙ্গে সার্বিয়ার সঙ্গে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ করেছে।

কাঁটা তারের বেড়া ও সেনা-পুলিশ সদস্যদের পাহারার কারণে সার্বিয়ার সীমান্ত এলাকায়ই কষ্টে দিন কাটাচ্ছেন শরণার্থীরা। কিন্তু সেখান থেকেও তাদের তাড়িয়ে দিতে সীমান্তের ওপার থেকে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে হাঙ্গেরির পুলিশ।

এতে অবাক হয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বুধবারের ওই ঘটনা সম্পর্কে তিনি বলেছেন হাঙ্গেরির এমন আচারণ গ্রহণযোগ্য নয়।

এদিকে সার্বিয়ার সীমান্ত এলাকায় হাঙ্গেরির পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে দেশটি। সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নেবোজা স্টিফানোভিচ বলেছেন যে সেখানকার উত্তেজনা প্রশমনে সীমান্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

বিক্ষোভের মাঝ থেকে একজন চিৎকার করে বলেছেন, "আমরা চলে যেতে চাই। আমরা জার্মানি যেতে চাই। দরজা খুলে দাও।"

পরিবার থেকে বিচ্ছিন্ন শিুশুরা

পুলিশ ও শরণার্থীদের মধ্যে সৃষ্ট বিশৃঙ্খলায় অন্তত চার জন শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। আপাতত পুলিশ তাদের কাছে নিয়ে রেখেছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই তথ্য জানিয়েছে।

ক্রাইসিস রেসপন্স ডিরেক্টর তিরানা হাসান বলেছেন, "হতাশ হওয়া পরিবার ও তাদের সন্তানের সঙ্গে পুনরায় একত্রিত করা হবে।"

জেডআই