হোয়াইট হাউজের একটি অনুরোধ সম্প্রতি প্রত্যাখ্যান করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। সম্প্রতি বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় যে, নির্বাচনী প্রচারাভিযানকালে ডনাল্ড ট্রাম্পের কয়েকজন সহযোগীর সঙ্গে এমন কিছু রাশিয়ান কর্মকর্তা, ব্যবসায়ী বা গোয়েন্দাদের যোগাযোগ ছিল।
এ সংক্রান্ত সংবাদ প্রকাশ্যে নাকচ করে দিতে এফবিআইকে অনুরোধ জানায় হোয়াইট হাউজ। কিন্তু এফবিআই অনুরোধ প্রত্যাখ্যান করে। একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে সিএনএন।
তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে জানান, ওই অনুরোধ তখনই জানানো হয় যখন এফবিআই হোয়াইট হাউজকে ইঙ্গিত দিয়েছিল যে, ওই সংবাদগুলো সত্য বলে তারা মনে করে না। এরপর হোয়াইট হাউজের কর্মকর্তারা এফবিআই সহ রাশিয়া-সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করছে এমন সংস্থাগুলোর সাহায্য চান।
তারা ওই তদন্ত সংস্থাগুলোর কাছে অনুরোধ জানান যাতে তারা প্রকাশ্যে বলেন যে, ওই সংবাদ মিথ্যা ও রাশিয়ানদের সঙ্গে কারও কোন যোগাযোগ হয়নি। কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কোন সংস্থাই ওই অনুরোধ আমলে নেয়নি।
প্রসঙ্গত, রাশিয়ান ক্ষমতা বলয়ের লোকজনের সঙ্গে ট্রাম্প শিবিরের লোকজনদের যোগাযোগের সংবাদ প্রথম ১৪ই ফেব্রুয়ারি প্রকাশিত হয় নিউ ইয়র্ক টাইমস পত্রিকা ও সিএনএন টিভি চ্যানেলে।
খবরে বলা হয়, হোয়াইট হাউজ ও এফবিআই’র মধ্যে এ ধরণের সরাসরি যোগাযোগ বেশ অস্বাভাবিক। কারণ, কয়েক দশক ধরে এফবিআই ও হোয়াইট হাউজের যোগাযোগের ওপর বিধি নিষেধ আছে। হোয়াইট হাউজ থেকে তদন্তাধীন বিষয়ে এ ধরণের অনুরোধ দুই পক্ষের মধ্যে সীমিত যোগাযোগ সংক্রান্ত নিয়মনীতির লঙ্ঘণ।
বৃহস্পতিবার রাতে অবশ্য হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি শন স্পাইসার এফবিআইকে হোয়াইট হাউজের অনুরোধ জানানো সংক্রান্ত সিএনএন’র খবরে আপত্তি জানান। তার ভাষ্য, ‘আমরা কোন সংবাদ নাকচ করার চেষ্টা করিনি। আমরা তাদেরকে সত্য বলার অনুরোধ করেছিলাম।’ এফবিআই আনুষ্ঠানিকভাবে এ ইস্যুতে কোন মন্তব্য করেনি।
মাহমুদ





