সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে মর্টার ও রকেট হামলায় অন্তত ১৪ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কারা এ হামলা চালিয়েছে তা স্পষ্ট না হলেও আসাদ সরকারের অভিযোগ আল নূসরা ফ্রন্ট সংশ্লিষ্ট জঙ্গিরা এর পেছনে দায়ী।
রুশ সেনা কর্মকর্তাদের দাবি, তুরস্কে রকেট হামলা চালিয়ে আঙ্কারাকে সিরিয়ায় গোলাবর্ষণের উস্কানি দিচ্ছে জঙ্গিগোষ্ঠী জাবাত আল নূসরা।
এদিকে সিরিয়া ও তুরস্কে কুর্দিদের ওপর তুর্কি সরকারের অব্যাহত অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্রিটেন প্রবাসী কয়েক হাজার কুর্দি।
যুদ্ধবিরতির এক সপ্তাহ পেরোতে না পেরোতেই রোববার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের শেখ মাকসুদ এলাকা মুহুর্মুহু মর্টার ও রকেট হামলায় কেঁপে ওঠে। গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, কুর্দি অধ্যুষিত এলাকাটির একটি বাজারে অন্তত ৭০ টি গোলা ছোঁড়া হয়।
হামলায় নারী ও শিশুসহ নিহত হয় কমপক্ষে ১৪ জন, আহত হয় ৪০ জনেরও বেশি। হামলা কে চালিয়েছে তা জানা না গেলেও, সরকার ও কুর্দি সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, জঙ্গিগোষ্ঠী আল নূসরা ফ্রন্টের কোন অঙ্গসংগঠন এ হামলার পেছনে দায়ী।





