পাকিস্তানের গোলযোগপূর্ণ উপজাতীয় অঞ্চলে বুধবার মার্কিন ড্রোন হামলায় অন্তত ৮ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা এ খবর জানান।

আফগান সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের প্রধান নগরী মিরানশাহ’র ৬০ কিলোমিটার দক্ষিণে কুন্দ সার গ্রামে একটি কম্পাউন্ডে এ হামলা চালানো হয়।

ওই এলাকার একজন নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে টেলিফোনে বলেন, ‘ড্রোনটি দু’টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে। এতে ৮ জন নিহত ও অপর দুই জন আহত হয়।

তিনি বলেন, কম্পাউন্ডটির ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে।

ওই এলাকায় কর্মরত একজন গোয়েন্দা কর্মকর্তা হামলার কথা নিশ্চিত করে বলেন, যুদ্ধবাজ গুল বাহাদুর ও হক্কানি নেটওয়ার্কের অনুগত যোদ্ধারা এবং বিদেশি উজবেক যোদ্ধারা ওই এলাকায় সক্রিয় রয়েছে।

পেশোয়ারের এক নিরাপত্তা কর্মকর্তাও এ হামলার কথা নিশ্চিত করেন।

এমএ