যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিগনিউ ব্রিজেজিনস্কি গাজায় ইসরাইলি হামলার বিষয়ে কঠোর সমালোচনা করেছেন।
সিএনএন-এর ফারিদ জাকারিয়ার সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ইসরাইলকে বিচ্ছিন্ন করে ফেলছেন এবং ''এর ভবিষ্যতকে দীর্ঘমেয়াদে বিপদে ফেলছেন।"
বিগনিউ ব্রিজেজিনস্কি বলেন, "আমি মনে করি সে (নেতানিয়াহু) খুবই মারাত্মক ভুল করছে। কার্যত যখন হামাস ফিলিস্তিনে অংশীদারি নেতৃত্বের ধারণা গ্রহণ করেছে, সে ইসরাইলের কাছ থেকে শান্তিপূর্ণ সমাধান খুজেঁছে। সেটা ছিল একটি প্রকৃত উপায়।"
উল্লেখ্য, বিশ্ববিবেক'কে হতবাক করে দিয়ে গাজাকে ধ্বংস করে দিচ্ছে ইসরাইল। টানা১৯ দিনের বর্বর ইসরাইলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিশ্বের উন্মুক্ত কারাগার গাজা। শনিবার ১২ ঘণ্টার সাময়িক যুদ্ধবিরতির সময় বিধ্বস্ত বাড়ি-ঘর থেকে আরও ৮৫টি লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৯৮৫-তে।
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ১,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইসরায়েলি পত্রিকা হারেজের অনলাইন সংস্করণ। সূত্র: সিএনএন।
ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই





