স্বশাসন পাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য লুহানস্ক ও দোনেৎস্কের জনগণ। পাশাপাশি বিগত দিনের গৃহযুদ্ধে আটকরা সাধারণ ক্ষমা পাচ্ছেন ।

ইউক্রেন ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করার জন্য ভোট দিয়েছেন।

আইন অনুযায়ী উল্লিখিত দু'টি রাজ্যের মানুষ এখন থেকে নিজস্ব আইন-কানুন দ্বারা পরিচালিত হবে। এছাড়া নতুন আইন অনুসারে বিদ্রোহীরা সাধারণ ক্ষমা পাবেন। সেইসঙ্গে বিদ্রোহীদের কাছে আটক সেনারাও মুক্তি পাবেন।

গত ৫ সেপ্টেম্বর ইউক্রেন সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ওই চুক্তির ফলশ্রুতিতেই নতুন এ উদ্যোগ নেওয়া হলো। ইউক্রেন প্রেসিডেন্ট পেট্রো প্রোশেনকো ও ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন সুলজ এ ঘটনাকে ঐতিহাসিক দিন বলে অভিহিত করেছেন।

জাতিসংঘের হিসেব অনুসারে, ৫ মাসের গৃহযুদ্ধে কমপক্ষে ৩,০০০ মানুষ নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে ৩১০,০০০ মানুষ।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই