কুয়ালালামপুর সম্মেলনে (কেএল সামিট-২০১৯) অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান মালয়েশিয়ায় পৌঁছেছেন। আজ বুধবার কুয়ালালামপুরের উদ্দেশে আঙ্কারা ত্যাগ করেন তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান কুয়ালালামপুর পৌঁছালে সেখানে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী জুলকেফ্লি আহমদ ও কুয়ালালামপুরে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মেরভে কাভাকি তাকে স্বাগত জানান।
এরদোগানের সঙ্গে ফার্স্ট লেডি এমিনি এরদোগান, পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু, অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানকসহ ক্ষমতাসীন একে পার্টির কয়েকজন নেতাও রয়েছেন।
গত মাসে ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাতারকে সঙ্গে নিয়ে নতুন এক পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।
১৮ থেকে ২১ ডিসেম্বর ‘কুয়ালালামপুর সামিট-২০১৯’ নামে অনুষ্ঠিত এ সম্মেলনের এজেন্ডা হিসেবে গুরুত্বসহকারে থাকছে উন্নয়ন ও সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সুশাসন, সংস্কৃতি ও পরিচয়, ন্যায়বিচার ও স্বাধীনতা, শান্তি-সুরক্ষা ও প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ এবং প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থাপনা এ সাতটি বিষয়।
এতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও কাতারের আমির শেথ তামিম বিন হামাদ আলে সানি ও ইন্দোনেশিয়ার জুকো উইদোদো অংশ নেবেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি অংশ নিতে পারেন বলেও বিভিন্ন সূত্র জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এ সম্মেলনে অংশ নেয়ার কথা থাকলেও গতকাল জানিয়েছেন, তিনি সম্মেলনে অংশ নিতে পারছেন না।
এএস





