আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ায় ১১ জনের আঙ্গুল কেটে দিয়েছে তালেবান। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে গত ১৪ জুন এ ঘটনা ঘটে। খবর বিবিসি'র।
ভোট দিয়ে ফেরার পর হেরাত প্রদেশের ওই ১১ জন বয়স্ক নাগরিককে অপহরণ করে তালবান যোদ্ধারা। এরপর তাদের হাতের আঙ্গুলে কেটে দেয় তারা। ভোট দেওয়ার চিহ্ন হিসেবে তাদের হাতের আঙ্গুলে কালি লাগানো ছিল।
গত শনিবার দেশটিতে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়। নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ ও বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ আশরাফ ঘানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।
গত ৫ এপ্রিল দেশটিতে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। ওই নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। প্রথম দফায় আবদুল্লাহ ৪৫ শতাংশ ও ঘানি পান ৩২ শতাংশ ভোট। এ কারণে দেশটির বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের উত্তরসূরি নির্বাচনে দ্বিতীয় দফার ভোট হয়।
প্রথম দফার মতো দ্বিতীয় দফার নির্বাচনেও ভোট দেওয়া থেকে বিরত থাকতে ভোটারদের হুমকি দেয় তালেবান। তালেবানের হুমকি উপেক্ষা করে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়। তবে তালেবানদের হামলায় ভোটের দিন অন্তত অর্ধশত মানুষ নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নির্বাচনী কর্মকর্তারও আছেন। আগামী ২ জুলাই ফল ঘোষিত হবে। চূড়ান্ত ফল পাওয়া যাবে ২২ জুলাই। সূত্র: বিবিসি
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





