জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে নতুন করে একশ’ মেট্রিক টন অতিতেজষ্ক্রিয় পানি নিঃসরণের ঘটনা ধরা পড়েছে। বৃহস্পতিবার কেন্দ্রের পরিচালনা কর্তৃপক্ষ এ খবর জানান।
অকেজো হয়ে পড়া এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নয়টি থার্মোমিটারের মধ্যে এখন মাত্র একটি সচল থাকার কথা প্রকাশ করার পর একথা জানানো হলো।
টোকিও ইলেক্ট্রিক পাওয়ারের একজন মুখপাত্র বলেন, তবে সংরক্ষণাগার থেকে এখন আর কোনো তেজষ্ক্রিয় পানি নির্গত হচ্ছে না।
তিনি বলেন, ‘নিঃসরণ স্থানের কাছে কোনো ড্রেনেজ না থাকায় এই পানি সমুদ্রের পানিতে গিয়ে মেশার কোনো সম্ভাবনা নেই।’
ওই ট্যাংকটি ছিল ভেঙ্গে পড়া চুল্লিকে শীতল করার কাজে ব্যবহৃত কয়েকশ’ ট্যাংকের অন্যতম। এটি সমুদ্রতট থেকে ৭শ’ মিটার দূরে অবস্থিত। তবে ওই পানি অত্যন্ত তেজষ্ক্রিয় বলে তিনি জানান।
মুখপাত্র জানান, আমরা এখন নিঃসৃত পানি পুনরুদ্ধার এবং দূষিত মাটি দূষণমুক্ত করার প্রক্রিয়ায় আছি। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]