ইয়েমেনের দ্বিতীয় নগরী এডেনে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী হামলায় চার সৈন্য নিহত হয়েছে। রবিবার এই হামলা চালানো হয়।
দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, এডেন বিমানবন্দরের কাছে একটি চেকপয়েন্টে এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে চার সৈন্য নিহত ও দুই জন আহত হয়েছে।তবে এখনও কোন গ্রুপ হামলার দায়ভার স্বীকার করেনি।
এডেনের কিছু এলাকা নিয়ন্ত্রণ করে আল কায়েদা। এখানে প্রেসিডেন্ট আবদ্রাবো মনসুর হাদি সরকার শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে ঘাঁটি স্থাপন করেছে। হুতি বিদ্রোহীরা রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে।
সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় হাদির বাহিনী এডেন ও দক্ষিণাঞ্চলের চারটি প্রদেশ থেকে বিদ্রোহীদের হটিয়ে দিয়েছে। তবে শিয়া বিদ্রোহীরা উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে।
আর এডেনের মত দক্ষিণাঞ্চলের নগরীগুলোতে সরকারপন্থী ও বিদ্রোহীদের সংঘাতের সুযোগ নিচ্ছে আল কায়েদা ও তাদের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইএস) জিহাদিরা। তারা গত কয়েক মাসে বেশ কয়েকটি হামলা ও হত্যাকান্ডের দায় স্বীকার করেছে।
এর আগে গত শুক্রবার বন্দর নগরীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে কারো প্রাণহানি হয়নি। আইএস এ হামলার দায় স্বীকার করে।
এআই





