তালেবানের বিরুদ্ধে আইন বর্হিভূতভাবে জাতিগত হাজারা গোষ্ঠীভুক্ত ১৩ আফগান নাগরিককে হত্যার অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এই অভিযোগ করে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় দায়কুন্দি প্রদেশের খাদির জেলার কাহোর গ্রামে এই হত্যাকাণ্ড চালানো হয়। কাবুলে প্রবেশের ১৫ দিন পর ৩০ আগস্টে এই হত্যাকাণ্ডে হাজারা জনগোষ্ঠীভুক্ত সাবেক আফগান সামরিক বাহিনীর ১১ সদস্য ও দুই বেসামরিক লোক নিহত হয়। নিহত দুই বেসামরিক লোকের মধ্যে একজন ১৭ বছর বয়সী কিশোরী।
এদিকে দায়কুন্দি প্রদেশে তালেবানের নিয়োগ দেয়া পুলিশ প্রধান সাদিকুল্লাহ আবিদ এই হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই দিন সাবেক আফগান বাহিনীর সদস্যদের সাথে এক সংঘর্ষে এক তালেবান যোদ্ধা আহত হয়েছিলো।
কাবুলে প্রবেশের একদিন আগে ১৪ আগস্ট দায়কুন্দি প্রদেশ নিয়ন্ত্রণে নেয় তালেবান যোদ্ধারা।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে হাজারা গোষ্ঠীভুক্ত নাগরিকদের হত্যার অভিযোগ পাওয়া গেলো। এর আগে প্রথম ১৯ আগস্ট অ্যামনেস্টির আরেক প্রতিবেদনে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে হাজারা আফগানদের হত্যার অভিযোগ করা হয়। ওই প্রতিবেদনে জানানো হয়, গজনি প্রদেশে তালেবান যোদ্ধারা চলতি বছরের জুলাই মাসে নয় হাজারাকে হত্যা করেছে।
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলকেন্দ্রীয় হাজারা জনগোষ্ঠী দেশটির মোট জনসংখ্যার নয় ভাগ। শিয়া মুসলিম এই জনগোষ্ঠী সুন্নি ইসলাম মতাবলম্বী পশতুন গোষ্ঠী প্রভাবিত তালেবানের নিপীড়নের শিকার হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। তথ্যসূত্র : আলজাজিরা।
এবিএস





