ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁস করে দিয়ে সাড়া ফেলা পত্রিকা ওয়াশিংটন পোস্ট। কেলেঙ্কারি ফাঁসের সময় যে ব্যক্তিটি এই পত্রিকার সম্পাদক ছিলেন তিনি হলেন বেনজামিন ব্রাডলি বা সংক্ষেপে বেন ব্রাডলি। মঙ্গলবার তিনি মারা যান ৯৩ বছর বয়সে। খবর বিবিসি'র।

বেন ব্রাডলির উৎসাহ এবং অনুপ্রেরণাতেই ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে কাজ করেন বিখ্যাত দুই সাংবাদিক বব উডওয়ার্ড এবং কার্ল বার্নস্টেইন। আর এই ওয়াটার গেট কেলেঙ্কারি ফাঁসের কারণেই ১৯৭৪ সালে প্রেসিডেন্ট পদ থেকে ছিটকে পড়েন রিচার্ড নিক্সন।

বেন ব্রাডলি ১৯৬৮ থেকে ১৯৯১ পর্যন্ত ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই পত্রিকাটি আমেরিকা তো বটেই বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকায় পরিণত হয়। সাংবাদিকতায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে পেয়েছেন আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 'প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম'।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা এক বিবৃতিতে বলেন, "সাংবাদিকতা যেন পেশার চেয়েও বেশি কিছু, এটা বুঝিয়ে দিয়েছেন বেনজামিন ব্রাডলি। আর এটা গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক।"

ওবামা আরও বলেন, "একজন প্রকৃত সংবাদকর্মী হিসেবে তিনি ওয়াশিংটন পোস্টকে দেশের অন্যতম শ্রেষ্ঠ পত্রিকায় রূপান্তরিত করেন। তারই তৈরি করা একদল বীর সাংবাদিক ওয়াটারগেটে'র ঘটনা 'পেন্টাগন পেপার্স'-এ প্রকাশ করেন। এই ঘটনাগুলো আমাদের জানার প্রয়োজন ছিল। তিনি আমাদেরকে পৃথিবী সম্পর্কে জানতে সহায়তা করেছেন এবং আমাদের স্বরূপ উদঘাটন করেছেন।"

উল্লেখ্য, বেন ব্রাডলি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নেন। এরপর ১৯৫০'র দশকে সাংবাদিকতায় চলে আসেন। ১৯৬৫ সালে তিনি ওয়াশিংটন পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক হন। এর তিন বছর পর ১৯৬৮ সাল হন নির্বাহী সম্পাদক। ১৯৭১ সালে প্রকাশ করা শুরু করেন পেন্টাগন পেপার্স নামের আরেকটি পত্রিকা। এটাতে তিনি ভিয়েতনাম যুদ্ধের গোপন বিষয়গুলো ফাঁস করতে থাকেন। আইনজীবিরা এসব গোপন খবর ফাঁস না করার জন্য তাকে পরামর্শ দেন। কিন্তু তিনি তাদের পরামর্শ মাথায় না নিয়ে তার কাজ চালিয়ে যান। অবশেষে আদালত থেকে তিনি গোপন সংবাদ পত্রিকায় প্রকাশের অনুমতি পান।

তার সবচেয়ে বড় চমক ছিল ওয়াটার গেট কেলেঙ্কারি। তিনিই সাংবাদিক বব উডওয়ার্ড ও কার্ল বার্নস্টেইনকে ওয়াটার গেট কেলেঙ্কারির গোপন বিষয়গুলো নিয়ে অনুসন্ধান চালানোর জন্য নির্দেশনা দেন। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তার সহযোগীদের অবৈধ কার্যকলাপ নিয়েই মূলত এসব তথ্য ফাঁস করা হয়েছিল। ওয়াটার গেট কেলেঙ্কারি নিয়ে 'অল দ্যা প্রেসিডেন্টস ম্যান' নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। সূত্র: বিবিসি

এসএমএ