ইহুদিদের প্রতি সমবেদনা জানাতে নরওয়ের মুসলিমরা এক মানববন্ধন আয়োজন করেছেন শনিবার। রাজধানী অসলোর ইহুদি উপাসনালয় সিনাগগের সামনে এ মানববন্ধন আয়োজন করা হচ্ছে। গত সপ্তাহে ডেনমার্কের এক সিনাগগে বন্দুকধারীর হামলায় কয়েকজন ইহুদি নিহত হওয়ার ঘটনায় এই সমবেদনা প্রকাশ করতে যাচ্ছে প্রতিবেশী নরওয়ের মুসলিমরা। খবর রয়টার্স ও ওয়ার্ল্ডবুলেটিনের।

মানববন্ধনের আয়োজকেরা এর নাম দিয়েছেন 'রিং অব পিস' বা শান্তির বন্ধন। ইসলাম যে সকল ধর্মের মানুষকে রক্ষার কথা বলে তা বুঝানোই এই মানববন্ধনের উদ্দেশ্য। দুই সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নিবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে ডেনমার্কের একটি সিনাগগে বন্দুক নিয়ে হামলা চালান ওমর আবদেল হামিদ আল-হুসাইন। ওমর ছিলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত বাবা-মায়ের সন্তান এবং ডেনমার্কের নাগরিক। পরবর্তীতে পাল্টা হামলায় ওমরও নিহত হন।

নরওয়েতে মাত্র এক হাজারের মতো ইহুদির বাস। আর মুসলিমের সংখ্যা দেড় থেকে দুই লাখের মতো। নরওয়ের মোট জনসংখ্যা ৫২ লাখ।

২০১১ সালে আন্দ্রেস বেহরিং ব্রেইভিক নামের এক যুবক হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করার পর নরওয়েতে অভিবাসনের বিষয়টি সবার আলোচনায় চলে আসে। নরওয়ের তখনকার ক্ষমতাসীন লেবার পার্টি মুসলিমদের অভিবাসনকে সহজ করেছে এই অভিযোগ এনে দলটির যুব সম্মেলনে এই হামলা চালান ব্রেইভিক। তার মতে, নরওয়ের মূল অধিবাসীদের সঙ্গে অভিবাসীদের সংমিশ্রণে 'রক্ত দূষিত হচ্ছে'।

তবে, এই হামলার পর অভিবাসনের পক্ষে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন নরওয়েবাসীরা। গত বছর এক জনমত জরিপে দেখা গেছে, দেশটির ৭৭ শতাংশ জনগণ মনে করেন যে, অভিবাসীরা নরওয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এমএ