চলতি বছরে নিউইয়র্ক ভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন ‘টাইম ম্যাগাজিনের’ বর্ষসেরা ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদি।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পসহ তালিকায় স্থান পেয়েছেন আরো সাতজন। সোমবার টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে ২০১৫ সালের সম্ভাব্য বর্ষসেরা ব্যক্তিদের সংক্ষিপ্ত এই তালিকা প্রকাশ করা হয়।
ভালো কিংবা মন্দের বিবেচনায় প্রতিবছর ডিসেম্বরে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বর্ষসেরা ব্যক্তি নির্বাচন করা হয়। এর আগে বর্ষসেরা ব্যক্তি নির্বাচনে পাঠকদের ভোটের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। চলতি বছর পাঠক ভোটের জন্য প্রথমদিকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছিল ৫৮ জনকে।
এদের মধ্যে ছিলেন তিন ভারতীয়। তারা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।
সর্বশেষ সোমবার প্রকাশিত আটজনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন আইএসের খলিফা আবু বকর আল বাগদাদি, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংগঠন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’কেও এই তালিকায় রাখা হয়েছে।
টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বর্ষসেরা ব্যক্তির নাম প্রকাশ করা হবে। আজ মঙ্গলবারও চাইলে পাঠকরা এই আটজনের মধ্যে যে কাউকে ভোট দিতে পারবেন।
এআই





