ভারতের উত্তর প্রদেশে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে প্রদেশের রায় বেরেলি জেলায়। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। খবর এনডিটিভির।
উত্তর প্রদেশের দেরাদুন থেকে বারানসিতে চলাচলকারী জনতা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে জানা যায়।
ট্রেনটি বাছরাওয়ান রেল স্টেশন থেকে ছেড়ে ৩০ কিলোমিটার দূরে রায় বেরেলি এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে। ব্রেকফেল করে সিগনাল ভঙ্গ করলে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। দুটি বগির মধ্যে একটি সাধারণ যাত্রীদের বগি, আরেকটি গার্ডদের বগি। তবে, গার্ডদের বগিটিতে কোন গার্ড বা যাত্রী ছিল না। এ কারণে প্রাণহানি কম হয়েছে।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। প্রায় ৬ ঘণ্টা ধরে চলে উদ্ধার তৎপরতা। দুর্ঘটনা ঘটে উত্তর প্রদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়। হতাহতদের উদ্ধারে বগির বিভিন্ন অংশ কাটার দিয়ে কাটা হয়।
আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
উদ্ধার তৎপরতায় বিলম্ব হওয়ায় প্রশাসন ও রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় জনগণ বিক্ষোভ করেছেন দুর্ঘটনাস্থলে। এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে তাৎক্ষণিক ২ লাখ রুপি ও আহতদেরকে ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দেয়া হয়। দুর্ঘটনার পরে রাজধানী নয়াদিল্লি-লখনৌ ও বারানসির মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
এমএ





