ভারতের নাগাল্যান্ডের দিমাপুরে গত বৃহস্পতিবার এক অভিযুক্ত ধর্ষককে জেল থেকে বের করে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর দিমাপুর শহরে কারফিউ জারি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো গাড়ির ডিলার সৈয়দ ফরিদ খান (৩৫) গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে ২৫ ফেব্রুয়ারি অভিবাসী ফরিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর নিম্ন আদালত তাকে বিচারিক হাজতে পাঠায়।
জেলা পুলিশ প্রধান মিরেন জামির বলেন, প্রায় চার হাজার উচ্ছৃঙ্খল জনতা কেন্দ্রীয় জেলে হামলা চালায়। তারা জেলের দুটি গেইট ভেঙ্গে অভিযুক্তকে বের করে নিয়ে আসে। এরপর তাকে শহরের কেন্দ্রে নগ্ন করে হাঁটানো হয়।
তিনি আরও বলেন, পুলিশ ফরিদকে উদ্ধার করলেও গণপিটুনির কারণে তার মৃত্যু হয়। জনতার কাছ থেকে ফরিদকে উদ্ধারে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পুলিশ।
জেলা ম্যাজিস্ট্রেট ওয়েজোপ কেনি বলেন, অপ্রত্যাশিত ঘটনাটির পর আইনের শাসন বজায় রাখতে দিমাপুর জেলায় কারফিউ জারি করা হয়েছে।
কেন্দ্রীয় জেলে জনতার হামলা প্রতিরোধে জেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বলেও জানান তিনি। সূত্র: এনডিটিভি।
কেএইচ





