লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুলহামিদ আল দিবেইবাহ এর গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। এতে অল্পের জন্য বেঁচে যান তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী ত্রিপলিতে এ ঘটনা ঘটে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, রাজনৈতিক সভা শেষে বাড়িতে ফিরছিলেন লিবিয়ার প্রধানমন্ত্রী। হঠাৎই এলোপাতাড়ি গুলি চালানো হয় তার গাড়ি লক্ষ্য করে।
একটি গুলি প্রধানমন্ত্রীর গাড়ির উইন্ডস্ক্রিনে ঢুকে গেলেও তিনি ও তার চালক অক্ষত অবস্থায় বেঁচে যান। এ ঘটনার পরপরই শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা।
এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যূত করলে দেশটিতে অস্থিরতা তৈরি হয়। বর্তমানে দেশটিতে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে।
পুরোদস্তুর ব্যবসায়ী থেকে নেতা বনে যাওয়া দিবেইবাহ ২৪ এ ডিসেম্বর থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নির্বাচনে অংশগ্রহণ না করার শর্তে তাকে সরকার প্রধানের দায়িত্ব দেয়া হয়েছিল। পরে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় জটিলতা শুরু হয়। সূত্র : আলজাজিরা, রয়টার্স।
এইচএন





