রাজনীতিতে স্থায়ী বলে কিছু নেই। পরিবর্তনই বিশ্বনীতির ‘পৈতৃক ধর্ম’। আর এ কারণেই শাসনযন্ত্রে এত পালাবদল। এক-একটা হুজুগ ওঠে একেক সময়।
একটা ‘চল’ শুরু হয়! রাজ্য শাসনে একসময়ের রাজা-বাদশাহ, জমিদার-নবাবি চল অচল করে মসনদে উঠে বসে উপনিবেশ। বেশিদিন তা টিকল না।
আরও উন্নত শাসনের আশ্বাসে মাথা তুললো সমাজতন্ত্র। কিছুকাল চললও বেশ। দিনে দিনে তাতেও একঘেয়েমি। শাসনযন্ত্রে আবার দেখা দিল পরিবর্তনের হাঁসফাঁস। গণঅধিকারের সংস্কারে মাতলো বিশ্ব। পুরনো তন্ত্র পায়ে পিষে মাথায় উঠল গণতন্ত্র। দেখতে দেখতে দেশে দেশে রমরমা বাজার পেয়ে গেল ঘর শাসনের এ নয়া হামানদিস্তা।
শতক না ঘুরতেই সিঁধ কাটল অনাস্থা। থেকে থেকেই স্বৈরশাসনের চোর ঢোকা শুরু করল গণতন্ত্রের কুঁড়েঘরে। শুরু হল আরেক নতুন চল। গণতন্ত্রের আঁতুর ঘরেই নাদুসনুদুস হয়ে উঠল একনায়কতন্ত্র।
আর আজ একুশ শতকের গোড়ায় এসে বখাটে বেয়াড়ার পৌরুষ দেখছে গোটা বিশ্ব। গণতন্ত্রের দুধ-ভাত খেয়ে প্রাচ্য-পাশ্চাত্য-মধ্যপ্রাচ্য সবখানেই এখন একনায়কদের জয়জয়কার। গণতন্ত্র এখন সস্তার মাল- একমুঠোয় থাকে। চলে এক আঙুলের ইশারায়।
এক কথায়, বিশ্বে এখন একনায়কদের দিন। একে একে বিশ্বের শক্তিশালী দেশগুলো স্বৈরশাসকের দখলে যাচ্ছে। একদলীয় দেশ চীন আজীবনই একনায়কের হাতেই ছিল।
বিশ্বের অন্যতম শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া,ফিলিপাইনকেও গ্রাস করেছে স্বৈরশাসন। একক শাসকের দেশে পরিণত হয়েছে। ২৪ জুনের নির্বাচনে জয়ের মাধ্যমে সব নির্বাহী ক্ষমতায় একচ্ছত্র মালিক হলেন রিসেপ তায়েপ এরদোগান।
চলতি বছরের ১১ মার্চ চীনের কমিউস্টি পার্টি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিন্তাধারা দলীয় সংবিধানে সংযুক্ত করে। বিপ্লবী নেতা মাও সে তুংয়ের পরেই জিনপিংয়ের রাজনৈতিক মতাদর্শ স্বীকৃতি পায়। এর পরই ২০১৩ সাল থেকে প্রেসিডেন্ট থাকা জিনপিংকে আজীবন প্রেসিডেন্ট পদে রাখার বিষয়ে সংবিধানিক সংশোধন করে কংগ্রেস। একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন তিনি।
একইভাবে কৌশলী মন্ত্রে ক্ষমতায় টিকে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চার বছর মেয়াদে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট, পরে প্রধানমন্ত্রী এবং আবার প্রেসিডেন্ট। ক্ষমতা ব্যবহার করে প্রেসিডেন্সির সময়সীমা বাড়িয়েছেন।
গত ১৮ মার্চের নির্বাচনে ছয় বছর মেয়াদে চতুর্থ দফায় প্রেসিডেন্ট হন পুতিন। ২০২৪ সালের পরও তিনি ক্ষমতায় থাকবেন কিনা তা সময়ই বলে দেবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে এক দশকেরও বেশি সময়ে ক্ষমতায় থাকার বিধান পাকাপোক্ত করে ফেলেছেন। একক সিদ্ধান্তে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন এ নেতা।
জাতিসংঘ থেকে শুরু করে বাঘা বাঘা নেতাদের তুলোধুনা করতেও পিছপা হচ্ছেন না তিনি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ও কংগ্রেস, সিনেটে গণতান্ত্রিক বিধি-বিধান অনুশীলন হলেও দেশের অভ্যন্তরে ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চরম একনায়কত্ব খোলাখুলি প্রদর্শিত হয়। যেমন, ইরাক আক্রমণ ও সাদ্দাম হোসেনের ফাঁসি, পাকিস্তানের ভূখণ্ডে লাদেনকে হত্যা, বিদেশি ভূখণ্ডে গুয়ানতানামো কারাগারে বন্দিদের আটকে রাখা ইত্যাদি।
এসব কিছুই একক প্রেসিডেন্টের সিদ্ধান্তেই চলে। অভিবাসীদের বিতাড়ন, মুসলিমদের ওপর খক্ষ, জলবায়ু চুক্তি, ইরান চুক্তি প্রত্যাহারের মতো গোঁড়ামিতে মেতেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যের দেশ মিসর তো স্বৈরশাসনে চলেছে, চলছে। মাঝে নির্বাচিত সরকারের মুখ দেখলেও সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি পুরনো উত্তরাধিকারের হাল ধরেছেন। ২০১৪ সালে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হঠিয়ে ক্ষমতায় বসেন তিনি। মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ায় ক্ষমতার জন্যই গৃহযুদ্ধ বেধে গেছে।
২০০০ সালে ক্ষমতায় আসেন বাশার আল আসাদ। এর আগে একটানা দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় ছিলেন তার বাবা হাফিজ আল আসাদ। বাবার মতোই ক্ষমতা থেকে পিছু হটতে চাচ্ছেন না আসাদ। অন্যদিকে বিদ্রোহীরা তার পদত্যাগ চান। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি গোলাগুলি, বোমা হামলা।
আবার ক্ষমতায় এরদোগান : দেড় দশকের শাসনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের নির্বাচনে জয় পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। রোববারের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে এরদোগান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। এ জয়ে নির্বাহী ক্ষমতার একচ্ছত্র মালিক হলেন এরদোগান।
বিবিসি জানায়, শুক্রবার আগাম এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এরদোগান ৫২ দশমিক ৫০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী ধর্মনিরপেক্ষ রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রার্থী মুহাররেম ইন্সে পেয়েছেন ৩১ শতাংশ ভোট। এছাড়া পার্লামেন্টের ৬০০ আসনের মধ্যে ৪২ শতাংশ ভোট পেয়ে ২৯৫টি নিশ্চিত করেছে এরদোগানের জোট।
(২৫ জুন, ২০১৮)
আগাম নির্বাচনে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত
(মার্চ, ২০১৮)
মার্কিন সমর্থিত কুর্দি মিলিশিয়াদের থেকে উত্তর সিরিয়ার আফরিন দখল করে তুরস্ক
(১৬ এপ্রিল, ২০১৭)
নিরঙ্কুশ প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বৃদ্ধির বিষয়ে গণভোটে এরদোগানের জয়। অবৈধ হস্তক্ষেপের অভিযোগ বিরোধীদের
(৯ আগস্ট, ২০১৬)
রুশ বিমান ভূপাতিতের ঘটনায় সৃষ্ট তিক্ততার পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক তৈরি এরদোগানের
১৫-১৬ জুলাই, ২০১৬ সামরিক অভ্যুত্থান চেষ্টায় নিহত ২৫০। ধর্মীয় গুরু ফতুল্লাহ গুলেনকে দোষারোপ। জনগণের হস্তক্ষেপে অভ্যুত্থান প্রতিরোধ
(৬. জুলাই, ২০১৫)
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে টালমাটাল যুদ্ধবিরতির অবসান
(৭. ১০ আগস্ট, ২০১৪)
প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোগান (২০১৩)
ইসলামী ধারার প্রথম নেতা হিসেবে আবদুল্লাহ গুল প্রেসিডেন্ট নির্বাচিত
(১ জুলাই, ২০০৫)
ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে তুরস্কের আলোচনা শুরু
(১১ মার্চ, ২০০৩)
প্রধানমন্ত্রী হন এরদোগান
(৩ নভেম্বর, ২০০২)
নির্বাচনে রক্ষণশীল ইসলামী দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) জয়
শি জিনপিং
প্রেসিডেন্ট, চীন
২০১২ : কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি (৫ বছর মেয়াদে)
২০১৩ : প্রেসিডেন্ট, ২০১৭ : পুনরায় জেনারেল সেক্রেটারি, মার্চ, ২০১৮ : আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান সংস্কার
আবদেল ফাত্তাহ আল-সিসি
প্রেসিডেন্ট, মিসর
২০১৪ : প্রেসিডেন্ট (৪ বছর মেয়াদে)
২ এপ্রিল, ২০১৮ : পুনরায় নির্বাচিত
রদ্রিগো দুতের্তে
প্রেসিডেন্ট, ফিলিপাইন
২০১৬ : প্রেসিডেন্ট (৬ বছর মেয়াদে)
এক যুগেরও বেশি সময়ে ক্ষমতায় থাকার আইন পাস। ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট, রাশিয়া,
(১৯৯৯ : প্রধানমন্ত্রী) ২০০০-০৮ : প্রেসিডেন্ট ২০০৮-১২ : প্রধানমন্ত্রী
২০১২-১৮ : প্রেসিডেন্ট ১৮ মার্চ, ২০১৮ : পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত। এএস





