মিয়ানমারে রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের ওপর এবার হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে সেদেশের সেনাবাহিনী। এতে কমপক্ষে ১০ জন রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে।
স্থানীয় বাসিন্দা ও কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করে রেডিও ফ্রি এশিয়া।
রাখাইন অঞ্চলে কথিত রোহিঙ্গা মুসলিম উগ্রবাদী (আরাকান আর্মিদের) সাথে সর্বশেষ সংঘর্ষের জের ধরে এই হামলা চালানো হয় বলে দাবি সেনাবাহিনীর।
স্থানীয়দের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, আরাকান আর্মির ওপর হামলা চালানোর নাম দিয়ে মূলত রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালায় সেনাবাহিনী। হামলাটি চালানো হয় বুথিডং শহরের সাই ডিন পাহাড়ীয় অঞ্চলে। যেখানে নিহতের পাশাপাশি অনেক আহত হয়েছে।
তারা বলেন, সাই ডিন পাহাড়ীয় অঞ্চল যেখানে রোহিঙ্গা মুসলমানরা বাঁশ উৎপাদন ও প্রক্রিয়াজাত করে বিক্রির জন্য সেখানে হামলাটি চালানো হয়।
হামলায় নিহতদের মধ্যে একজনের স্বজনের বরাত দিয়ে বলা হয়, হামলায় অন্তত ১০ জনের ওপর নিহত হয়েছে। হামলার পর সেখানে কোনো নৌকা বা মানুষজন যেতে পারছেনা। গ্রামবাসী তারপরেও ঝুঁকি নিয়ে এ পর্যন্ত ৭টি মরদেহ উদ্ধার করে।
মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল জও মিন টুন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দিনের মাঝামাঝিতে এই হামলা চালানো হয়।
কিন্তু কেন? কি কারণে? এবং কাদের ওপর এই হামলা চালানো হয় সে বিষয়ে কোন খোলাসা করেননি তিনি।
এই বিষয়ে রেডিও ফ্রি এশিয়ার পক্ষ থেকে মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় মুখপাত্র উইন জও উও এর সাথে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নি।

হামলার বিষয়ে আরাকান আর্মির মুখপাত্র খাইন থুখা জানান, মিয়ানমার সেনাবাহিনীরা যেখানে হামলা চালায় সেখানে তাদের সাথে কোনো প্রকার সংঘর্ষ হয় নি। তারা সংঘর্ষের নাম দিয়ে মূলত নিরাপরাধ মানুষদের ওপর এই হামলা চালিয়েছে।
হামলার বিষয়ে মিয়ানমারের সংবাদ মাধাম 'নারিনজারা' জানায়, ৬ জন রোহিঙ্গা মুসলামান নিহত হয়েছে এবং আহত হয়েছে ১৯ জন।
অপর একটি সংবাদ মাধ্যম ডিএমজি (Development Media Group) জানায়, হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং আহত হয়েছে প্রায় ১৩ জন।
গত ২৯ মার্চ সরকারের মুখপাত্র জও হেইতে জানান, জানুয়ারী থেকে মার্চ ২৮ তারিখ পর্যন্ত আরাকান আর্মিদের সাথে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে ৫৮ জন আরাকান আর্মির সদস্য নিহত হয়। ২৭ জন পুলিশ ও ১২ জন বেসামরিক লোক নিহত হয়।
উল্লেখ্য, রাখাইন অঞ্চলে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার শিকার হয়ে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ১২ লক্ষ রোহিঙ্গা। যারা কক্সবাজারসহ বিভিন্ন জেলায় ক্যাম্পে অবস্থান করছে।
জেড





