পুরুষদের ভলিবল খেলা দেখার চেষ্টা করার দায়ে এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী ঘনচেহ ঘাভামি কারাগারে অনশন শুরু করেছেন।
তার ভাই ইমান ঘাভামি সোমবার বার্তা সংস্থা এএফপিকে জানান,শনিবার থেকে তিনি অনশন শুরু করেন।
লন্ডন থেকে আইনে স্নাতক করা ঘাভামি বিচারিক বিলম্বের প্রতিবাদেই অনশন করছেন বলে ইমান জানিয়েছেন।
কোনো অনুষ্ঠানিক দণ্ড ছাড়াই ঘাভামিকে বন্দী রাখা হয়েছে বলে অভিযোগ করেন ইমান।এজন্য ঘাভামি ‘হতাশ’ হয়ে পড়েছেন বলে ইমান জানিয়েছেন।
গত মাসে আদালত ঘাভামিকে এক বছরের কারাদণ্ড দেন বলে তার পরিবার জানায়।
চলতি বছরের জুনে তেহরানে ইরান ও ইতালির মধ্যে পুরুষদের ভলিবল ম্যাচ ছিল।ওই খেলা কোনো নারী এমনকি নারী সাংবাদিকও দেখতে পারবে না বলে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
ঘাভামি ওই ম্যাচ দেখতে গেলে স্টেডিয়ামের গেটেই তাকে আটকায় পুলিশ।এ সময় প্রতিবাদ করলে তাকে গ্রেফতার করা হয়।
পুরুষদের অশ্লীল আচরণ থেকে রক্ষার জন্যই নারীদের ফুটবল ও ভলিবল খেলা দেখার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র : এএফপি, বিবিসি





